Friday, September 14, 2018

Kanailal dutta

নরেন গোঁসাইয়ের আনন্দ আর ধরে না। জেলের ভেতর খুশিতে ডগমগ করতে থাকে সারাদিন। অবশ্য জেলে থাকলে কি হবে, তারজন্য স্পেশাল ওয়ার্ড, ঝকঝকে তকতকে ঘর, নরম বিছানা, খাবার-দাবার রাজকীয়, হুকুম করলে উপচে পড়ে তার মুখের সামনে।হবে নাইবা কেন? তিনি যে রাজসাক্ষী। মানিকতলা বোমা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলের ভেতর যেতেই দেশপ্রেম উবে গেছে তার। তাই সে রাজসাক্ষী। তার পেটে আছে বাংলাদেশের নামকরা বিপ্লবীদের হাঁড়ির খবর, বহু বিপ্লবের ব্লু প্রিন্ট।তিন মাস ধরে আদালত বন্ধ। কয়েকদিন আগে ক্ষুদিরামের ফাঁসি _ভারতবাসীর মধ্যেদেশপ্রেমের জোয়ার এনে দিয়েছে। কেউ এখন ইংরেজদের পক্ষে স্বাক্ষ দিতে রাজি হতে চায়না। ফলে আদালতের কাজকর্ম সব বন্ধ।নরেন গোঁসাইয়ের তর্ সয়না। কবে যে মামলা শুরু হবে, কবে যে গড়গড় করে সব বল-টলে দিয়ে সটান বিলাত পাড়ি দেবে_সেখানে বাড়ি মিলবে_গাড়ি মিলবে_মিলবে অনেক অর্থ,বৌ - বাচ্চা - সুখী সংসার_স্বপ্ন চরিতার্থ!স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ প্রহরীর ডাক। তাকে সেলাম ঠুকে হাতে ধরিয়ে দিল একটা চিরকুট ‌। তাতে লেখা_, ভাই নরেন, হাসপাতালের বেডে শুয়েও নিস্তার নেই। ইংরেজদের অত্যাচার আর সইতে পারছিনা। আমিও তোমার সাথে রাজসাক্ষী হবো।স্বাক্ষর_ কানাইলাল।কানাইলাল!অগ্নিশ্বর অগ্নিপুত্রকানাইলাল দত্ত!সেই যে চন্দননগরের ছেলেটা,চারুচন্দ্র রায়ের হাতে গড়া শিষ্য।আরে, সেইইতো কিংসফোর্ডকে মারবে বলে দলের মধ্যে কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। তারপর দলের নেতারাই ওকে বি এ পরীক্ষার জন্য বাদ দিয়ে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকীকে পাঠিয়ে দেয়।সেই ঘটনা শুনে কানাইলালের সে কি আফসোস!সে আজ তলব পাঠিয়েছে তাকে দেখা করার জন্য?নিজের মনকে বিশ্বাস করাতে পারছেনা। পত্রপাঠ ছুটল কানাই সকাশে।এদিকে কানাইলালের চোখে ঘুম নেই। নরেন গোঁসাইয়ের রাজসাক্ষী হবার খবরটা শোনার পর থেকেই ভয়ে শিউরে উঠত গা।পাশের ঘরেই ছিল সত্যেন বসু। সেও ধরা পড়ার পর থেকে ইংরেজদের পিটুনি খেয়ে হাসপাতালে বন্দী।দুজনে মিলে ঠিক করে ফেলেছে নিকেশ করতে হবে নরেন গোঁসাইকে। না হলে অরবিন্দ ঘোষ, বারীন ঘোষ, বিপিন পাল, চারুচন্দ্র রায়, শ্রীশচন্দ্র সহ তামাম বিপ্লবীরা কেউ বাদ যাবেনা শাস্তির হাত থেকে। সুতরাং শয়তানটাকে আর একমুহুর্ত বাঁচিয়ে রাখা যায় না। আজই শেষ করে ফেলতে হবে কাজটা।কানাইলাল রেডি, সত্যেন বোস রেডি। সকাল বেলাতেই ফলের ঝুড়িতে লুকিয়ে গুলি ভর্তি দুটো রিভালবার পৌঁছে দিয়ে গেছে শ্রীশ। দুজনে সেদুটোকে নেড়েচেড়ে দেখে নিয়েছে, _ একেবারে ঠিকঠাক। এখন শুধু সময়ের অপেক্ষা।নরেন গোঁসাই আনন্দে নাচতে নাচতে হাসপাতালে এল কানাইলালের কাছে। কানাই গুরুতর অসুস্থতার ভান করে কম্বলের নিচে লুকিয়ে রাখা রিভলবারটার ট্রিগারে হাত দিয়ে প্রস্তুত। নরেনকে কাছে ডাকল, কানে কানে কিছু বলবে বলে। নরেন তার শরীরটা বিছানা থেকে তুলে দিতে দিতেই _গুরুম! বন্দুকের গুলি জানোয়ারটার পাঁজর ভেদ করে দিয়েছে একেবারে। তাই নিয়েই ছুটতে লাগলো নরেন। পেছনে ছুটল কানাইও। গুলির আওয়াজ শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এল সত্যেন। সেও এক রাউন্ড গুলি চালিয়ে দিল ওর শরীর লক্ষ্য করে। গুলিটা লাগল পায়ে। অমনি লুটিয়ে পড়ল মাটিতে। উঠে আর দাঁড়াতে দিলনা দুজন। কানাই আর সত্যেন তাদের বন্দুকের সবকটা গুলি ছুঁড়ে দিল বিশ্বাসঘাতটার শরীরে।রক্তে ভেসে গেল নধরকান্ত শরীর। আর সেই রক্ত দেখে তৃপ্তহল কানাইলাল দত্ত আর সত্যেন বসু।আর তারপর?তারপর যা হবার তাই হল।তড়িঘড়ি আদালত বসল।সাক্ষী সাবুদ জড়ো হলো।তিন মাসের মধ্যে রায় বেরোলো ফাঁসির।ফাঁসির আদেশ শুনে কানাইলালের সেকি আনন্দ!সেও ক্ষুদিরামের মত ফাঁসির দড়ি গলায় পড়বে ! সেই আনন্দে জেলে বাকি দিনগুলো দিব্যি খেয়েদেয়ে গান গেয়ে কাটিয়ে দিলেন মানুষটা। আর মৃত্যুর সময় তাঁর নাকি ওজন বেড়ে গিয়েছিল ১৫ পাউন্ড!মৃত্যুর আগে শ্রীশচন্দ্র দেখেতো অবাক। আরো অবাক হলেন, যখন জানলেন সবকটা গুলি ইচ্ছে করেই শেষ করেছে তারা। ঠিকছিল,শেষ গুলিটা তারা নিজেদের শরীরেই প্রয়োগ করে আত্মহত্যা করবে। কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়ার আনন্দে…… সেই লোভটা সামলানো যায়!!!ক্ষুদিরামের ফাঁসির তিন মাসের ব্যবধানে চলে গেল আরো দুই দেশপ্রেমিক।আজ কানাইলাল দত্তের ১২১তম জন্ম দিবস।দেশবাসী তাকে কতটা হৃদয়ে স্থান দিয়েছে জানিনা তবে ইতিহাস তাঁর এই আত্মহুতি চির শ্রদ্ধায় মনে রাখবে সেকথা হলফ করে বলতে পারি।

No comments:

Post a Comment